শৈলকুপায় আগুনে পুড়ল ৮ বাড়ি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
জেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, উপজেলার দলিলপুর গ্রামে মঙ্গলবার বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুনে আক্কাস আলী, মকছেদ আলী, গোলাম মোস্তফা, রুস্তম শেখ, মুন্নাফ শেখ, বশির শেখ, ইব্রাহিম শেখ ও জিল্লু শেখের বাড়ির ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে জানিয়ে তিনি বলেন, আগুনে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
