সিলেটের শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ
গ্যাস সংকটে সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার দুপুর থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম।
তিনি বলেন, সেচ মৌসুমে গ্যাস সংকট দূর করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।
এ কারখানায় প্রতিদিন ১ হাজার ৫১৫ মেট্রিক টন সার উৎপাদন করা হত। বার্ষিক ৫ লাখ ৮১ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্য নিয়ে চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে ২০১৬ সালে কারখানাটি উৎপাদন শুরু করে ।
