১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শিবিরে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2018, 01:54 AM

Updated : 08 Apr 2022, 05:46 PM

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, শুক্রবার রাত ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা ও বালুখালী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

নিহত মো. ইউসুফ (৪৩) তানজিমার ঘোনা রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের সুলতান আমিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ওসি খায়ের স্থানীয়দের বরাতে বলেন, “পাঁচ-ছয়জনের একদল রোহিঙ্গা এসে ইউসুফকে অতর্কিতে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ ইউসুফকে কুতুপালং রোহিঙ্গা শিবিরের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

প্রায় একই সময় উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে কয়েকজন রোহিঙ্গা হামলা চালাতে গেলে অন্য রোহিঙ্গারা একজনকে আটক করে পুলিশে দেয়।

ওসি খায়ের বলেন, আটক মোহাম্মদ আলম (২৪) পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শিবিরের নূরুল ইসলামের ছেলে।

“খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের পিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এসব ঘটনায়ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি খায়ের।