স্যান্ডেলে লুকানো ১২ স্বর্ণের বার উদ্ধার, যুবক গ্রেপ্তার
যশোরের ঝিকরগাছা উপজেলায় ১২টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
উপজেলার কায়েমকোলা মনোহরপুর গ্রাম থেকে রোববার বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয় বলে যশোর গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান।
আটক সাইফুল ইসলাম শার্শার উপজেলার লক্ষ্মণপুর গ্রামের রাশেদ খানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।
ওসি মনিরুজ্জামান বলেন, বিকালে যশোর-কায়েমকোলা সড়কের মনোহরপুর গ্রামের ঈদগাহর কাছে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় মোটরসাইকেলসহ সাইফুলকে দাঁড় করালে সে ভয়ে কাঁপতে থাকে।
পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে স্যান্ডেলের তলা খুলে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন এক কেজি ২০০ গ্রাম। মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
