গোদাগাড়ীতে বাস উল্টে তরুণ নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিআরটিসির বাস উল্টে এক তরুণের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
গোদাগাড়ী থানার ওসি হিফজুল আলম মুন্সী জানান, সোমবার সকালে উপজেলার সাবদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরসালিনের (২৫) বাড়ি নওগাঁর নিয়ামতপুরে।
ওসি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে নওগাঁর উদ্দেশে রাজশাহী থেকে ছেড়ে আসে বিআরটিসির বাসটি।
“সাবদিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়লে ঘটনাস্থলেই মুরসালিন মারা যান।”
দুর্ঘটনায় আরও ১২ যাত্রী আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোদাগাড়ী হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।
