মৃত ভোটার প্রার্থীদেরও সমস্যা: জাবেদ আলী
মৃত ভোটাররা শুধু কমিশনের নয় প্রার্থীদেরও সমস্যা বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, “মৃত ভোটাররা শুধু আমাদের নয়, প্রার্থীদের বেলায়ও সমস্যা হয়।দেশের অর্থের অপচয় হয়।
“প্রকৃত তথ্য না পাওয়ায় অনেক ক্ষেত্রেই হালনাগাদ ভোটার তালিকায় তাদের নাম এবং তাদের নামে স্মার্টকার্ডও তৈরি হয়ে যাচ্ছে।”
মৃত ভোটারদের তথ্য দিয়ে নাম কর্তনে সকলের সহযোগিতাও চেয়েছেন জাবেদ আলী।
জাবেদ আলী বলেন, অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন অফিসে তাদের সমর্থনে এক শতাংশ ভোটারদের নামের যে তালিকা জমা দেন তাতেও দু-একটি মৃত ভোটারদের নাম থেকে যায়।
এসব প্রমাণ হওয়ার পর অনেকক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতাও বাতিল হয়েছে বলে জানান তিনি।
মৃতদের নামে ভোটার আইডি কার্ড এবং স্মার্ট কার্ডও তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব তৈরিতে ১৬-১৮কোটি টাকা অপচয় হয়েছে। সঠিক সময়ে ভোটারদের মৃত্যুর খবর পেলে এবং ভোটার তালিকা থেকে তাদের নাম কর্তন করা গেলে ওই অপচয় হত না।
মৃত্যু খবর সঠিক সময়ে পৌঁছানোর জন্য ইউনিয়ন পরিষদের চৌকিদার-দফেদারদেরও প্রণোদনা দেওয়া হচ্ছে। তারপরও তথ্য সঠিক সময়ে আসছে না বলে আক্ষেপ করেন নির্বাচন কমিশনার।
গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজীপুরের সিভিল সার্জন গোলাম হায়দার খান, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জকিস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা রহমান, জয়দেবপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন্নেছা বক্তব্য রাখেন।
