১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রংপুরে কৃষক হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

রংপুরে পনেরো বছর বছর আগে এক কৃষককে হত্যার মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সোমবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের দিলালপাড়া গ্রামের মানিক মিয়া (৩০) ও হাসান আলী (৩১)।

অপরাধ প্রমাণিত না হওয়ায় আমজাদ হোসেন ও শাহিনুর বেগম নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহতাব হোসেনের (৩৫) সঙ্গে টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল আসামিদের। 

২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে মাহতাবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কে বা কারা। পরদিন মানিক মিয়া ও হাসান আলীর বাড়িসংলগ্ন পুকুর থেকে মাহতাবের লাশ উদ্ধার করে পুলিশ।

আইনজীবী রথিশ জানান, পরদিন নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে চার জনকে আসামি করে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি পীরগাছা থানার তৎকালীন এসআই আব্দুল মজিদ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।