Published : 19 Sep 2026, 05:01 PM
‘বিমল এলাচি’র বিজ্ঞাপনে অভিনয়ের কারণে বলিউডের তিন অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তা নিয়ে এবার কড়া অবস্থানের কথা জানিয়েছোর মহারাষ্ট্র মহারাষ্ট্র খাদ্য ও ওষধ প্রশাসন (এফডিএ) কমিশনার তুকারাম মুন্ধে।
তার কথায়, কেউ তারকা হলেই তাকে আইন দায়বদ্ধতা থেকে অব্যাহতি দেয় না।
শাহরুখ, অজয় এবং টাইগারকে ‘তারকা’ হিসেবে নয়, বিজ্ঞাপনের ক্ষেত্রে আইনের আওতায় থাকা ব্যক্তি হিসেবে দেখছেন বলে জানিয়েছেন এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে। তিনি বলেন বিজ্ঞাপনে কোনও পণ্যের প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরও নির্দিষ্ট দায়িত্ব রয়েছে।
এনডিটিভি এবং দ্য ওয়াল জানিয়েছে, গেল ১১ অগাস্টে মুম্বাই বিভাগের এফডিএ তিন অভিনেতাকে কারণ দর্শানোর নোটিস পাঠায়। তাদের বিরুদ্ধে অভিযোগ হল, ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ বিমল পানমশলার পরোক্ষ প্রচার করা হচ্ছে। ১৫ দিনের মধ্যে তিন অভিনেতাকে জবাব দিতেও বলা হয়েছিল।
সাক্ষাৎকারে তুকারাম মুন্ধে বলেন, তিনজনের মধ্যে দুজন নোটিসের জবাব দিয়েছেন। ওই দুজনের বক্তব্য, বিজ্ঞাপনে ব্যবহৃত পণ্যের দায় মূলত প্রস্তুতকারকের। বিষয়টি নিয়ে শুনানি হবে বলেছেন তুকারাম মুন্ধে।
তিনি বলেন, “আমরা তাদের বক্তব্য শোনার সুযোগ দিচ্ছি। সহকারী কমিশনার যিনি নোটিশ জারি করেছিলেন, তিনিই এই শুনানি করবেন।"
আর যে অভিনেতা এখনও জবাব দেননি, তার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিনি। তবে কোন অভিনেতা জবাব দিয়েছেন, তা স্পষ্ট করেননি তুকারারম মুন্ধে।
শাহরুখের টিম জবাব দিয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত দেয়নি, যদিও এ বিষয়ে তিনি নিশ্চিত নন।
শাহরুখ, অজয় ও টাইগারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনার মতে তারা তারকা হতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে তারা কেবল বিজ্ঞাপনদাতা। তাই আমি তাদের আইন লঙ্ঘনকারী হিসেবে দেখছি এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। সে কারণেই আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি।"
তুকারারম মুন্ধে বলেন, খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিজ্ঞাপনের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি রয়েছে। বিজ্ঞাপনদাতার দায়িত্ব শুধু পণ্য প্রস্তুতকারকের উপর ছেড়ে দেওয়া যায় না। কোনও পণ্য প্রচারের আগে তার বিষয়ে যথাযথ যাচাই করা বিজ্ঞাপনদাতারও দায়িত্বের মধ্যে পড়ে বলে দাবি এফডিএ কমিশনারের।
দিল্লি হাইকোর্টেও স্বস্তি মেলেনি
গেল ১৪ সেপ্টেম্বর বিমল এলাচির মাস্টার লাইসেন্সধারী সংস্থা পিবি অ্যাগ্রো এএলপি-এর করা মামলা খারিজ করে দিল্লি হাই কোর্ট। তিন অভিনেতার বিরুদ্ধে মহারাষ্ট্র এফডিএ-র জারি করা নোটিস বাতিলের আবেদন করেছিল সংস্থাটি।
বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ জানিয়েছেন, আদালতের এই বিষয়ে এখতিয়ার নেই। কারণ তিনজনের বিরুদ্ধে নোটিস যেহেতু মুম্বাইয়ের এফডিএ জারি করেছে, তাই এই বিষয়টি চ্যালেঞ্জ করার জন্য মহারাষ্ট্রের আদালতই উপযুক্ত জায়গা।