বাগেরহাটে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, প্রতিবেশী মা-মেয়ে গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার রাতে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন শেখ (১৭) চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে এবং উপজেলার ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রাসার আলীম পরীক্ষার্থী।
এই হত্যায় জড়িত সন্দেহে রোববার ভোরে নিহতের প্রতিবেশী কোহিনুর বেগম (৪৭) তার মেয়ে পলি খাতুনকে (২০) পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত আল আমিনের বড় ভাই তাজুল শেখ বলেন, রাত ৮টার দিকে আল আমিন বাড়ি থেকে খাবার নিয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। পথে তাদের প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী পিছন থেকে ধারালো দা দিয়ে তার ঘাড়ে ও মাথায় কোপ দেয়।
“পরে খবর পেয়ে আমরা আল আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।”
তিনি আরও বলেন, “প্রায় এক মাস আগে প্রতিবেশী আবুল কাজী আমাদের পরিবারের বিরুদ্ধে বাগেরহাট আদালতে একটি মিথ্যা অপহরণ মামলা করেন। এই নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ হয়।”
সেই বিরোধের জেরে তারা এ হামলা চালিয়েছে বলে দাবি তাজুল শেখের।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, নিহত আল আমিনের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
“রোববার ভোরে পালিয়ে যাওয়ার সময় উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে আবুল কাজীর স্ত্রী কোহিনুর বেগম ও মেয়ে পলি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশ আল আমিনের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
