যশোরে আ.লীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন
যশোরে ১৯ বছর আগে আওয়ামী লীগ নেতা হত্যার মামলা স্থানীয় এক বিএনপি নেতাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন, বল্লা গ্রামের তাইজেল ওরফে তরিকুল ইসলাম, সাদেক ওরফে ঠুটে সাদেক, মণিরামপুরের কায়েমকোলা গ্রামের শামছুল আলম ওরফে শামছুল ও সদর উপজেলার রুদ্রপুর গ্রামের ইসমাইল হোসেন।
ওই আদালতের প্রসিকিউটর এসএম বদরুজ্জামান পলাশ বলেন, ১৯৯৭ সালের ১২ জানুয়ারি একটি বৈঠকে হামলা চালিয়ে নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনকে আসামি করে একটি মামলা করেন। পরের বছর ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
“রায়ে দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে খালাস দেওয়া হয়েছে।”
অভিযোগপত্র আদালতে গ্রহণের পরপর মৃত্যু হওয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আরও দুই আসামি- বলেন তিনি।
