কুষ্টিয়ায় ২ তরুণের ঝুলন্ত লাশ এক দড়িতে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দাড়েরপাড়া গ্রামে একটি গাছ থেকে শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এরা হলেন দাড়েরপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে রাকিব (১৯) ও শাহজাহান আলীর ছেলে মশিউর (২০)। তারা দুজনই কৃষি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, একটি কদমগাছে একই দড়িতে তাদের দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
“এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।”
রাকিবের বাবা হুজুর আলী বলেন, কারও সঙ্গে রাকিবের বিবাদ ছিল না। তাই কারও বিরুদ্ধে তার অভিযোগ নেই।
