ফেনীতে ‘লুটপাটের চেষ্টা’, ডাকাত সন্দেহে আটক ১১
ফেনী সদরে বাড়িঘরে লুটপাটের চেষ্টার অভিযোগে ১১ জনকে আটকে পিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী, যাদের ডাকাত বলছে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, শুক্রবার ভোরে পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানী গ্রামের এ ঘটনা ঘটে।
ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তঃজেলা ডাকাত সর্দার মহিমের নেতৃত্বে গত এক মাস ধরে একদল ‘ডাকাত’ পাঁচগাছিয়া এলাকায় নিয়মিত লুটপাট করে আসছিল।
“ভোর সাড়ে ৩টার দিকে তেমুহানির কাজী বাড়িতে ২০/২৫ জন লোক লুপপাটের চেষ্টা করলে লোকজনের চিৎকারে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মসজিদের মাইকে ‘ডাকাত’ ধরতে সহায়তা চাওয়া হয়।”
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, পিটুনিতে আহত ১১ ডাকাতকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নোয়াখালীর সূবর্ণচর, চট্টগ্রামের সাতকানিয়া ও ফেনীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে শাটার গান, এলজি, কার্তুজ, কিরিচ, রামদা ও কাটার উদ্ধার করা হয়েছে ভলে জানান তিনি।
আটকদের মধ্যে মহিম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অন্তত দেড় ডজন মামলা রয়েছে বলে পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জানান।
