গাজীপুরে দেড় কোটি টাকার জাল স্ট্যাম্পসহ দম্পতি গ্রেপ্তার
গাজীপুরে দেড় কোটি টাকার বিভিন্ন মূল্যমানের জাল স্ট্যাম্পসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিটি করপোরেশনের মাজুখান এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে সিআইডি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সিআইডি ঢাকা জোনের এসপি মো. আবু সুফিয়ান শুক্রবার সকালে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাজুখান মধ্যপাড়া এলাকার আক্কাস উদ্দিনের বাড়ির ভাড়া বাসায় বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালানো হয়।
“এ সময় দুইজনকে আটকসহ তাদের ঘর থেকে বিভিন্ন মূল্যমানের ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার ৪০০ টাকার জাল স্ট্যাম্পসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”
গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের কোতোয়ালি থানার দক্ষিণ রূপাতলী এলাকার ইসহাক হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৪৫) ও তার স্ত্রী মাসুমা বেগম (৩৫)।
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান এসপি সুফিয়ান।
