চার জেলায় প্রতিমা ভাংচুর, ২ জনকে পিটুনি
যশোর, বরিশাল, ফরিদপুর ও বগুড়ায় মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে এসব প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর সদরে একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের সময় দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার রাত ৯টার দিকে শহরের ধর্মতলা কদমতলা এলাকায় সর্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান।
এ ঘটনায় আহত ধর্মতলা এলাকার বারেকের ছেলে শামিম ও টিপু হাওলাদারের ছেলে জসিমকে যশোর সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি ইলিয়াস বলেন, বুধবার রাত ৯টার কদমতলা সর্বজনীন কালী মন্দিরে গীতা পাঠ করছিলেন পুরোহিত সাধন কুমার পাল। এ সময় সেখানে মদ্যপ অবস্থায় হাজির হন ওই এলাকার শামিম, জসিম এবং শাওন। তারা পুরোহিতের হাত থেকে গীতা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুরোহিত বাধা দিলে তারা মন্দিরে থাকা রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ ও মনসা মূর্তি ভাংচুর করে।
“এ সময় পুরোহিতের চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হয়ে শামিম ও জসিমকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিলেও শাওন পালিয়ে যায়।”
এ ঘটনায় বৃহস্পতিবার তিনজনকে আসামি করে মামলা হয়েছে।
বরিশালের বানারীপাড়া পৌর শহরে একটি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করেছে এক যুবক।
বৃহস্পতিবার ভোরের এ ঘটনায় বানারীপাড়া বাজার সার্বজনীন হরিসভা মন্দিরের নয়টি প্রতিমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি বিবেকানন্দ কুণ্ডু।
তিনি বলেন, ভোরে গামছা দিয়ে মুখ ঢেকে এক যুবক মন্দিরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রতিমা ভাংচুরের চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান বিবেকানন্দ কুণ্ডু।
বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মন্দিরে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পারিবারিক মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাতে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আনন্দ বিশ্বাসের বাড়ির পারিবারিক মন্দিরে মনসা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে বলে ডহরনগর ফাঁড়ির ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান।
আনন্দ বিশ্বাস বলেন, বুধবার রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা মন্দিরে ঢুকে মনসা প্রতিমাসহ কয়েকটি প্রতিমা ভেঙে ফেলে। সকালে উঠে তারা প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্লা, ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফাঁড়ি ইনচার্জ বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতি দ্রুত দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে।
বগুড়ার ধুনট পৌর এলাকার শ্মশানঘাট এলাকার কালী মন্দিরে প্রতিমার ভাংচুরের ঘটনা ঘটে।
বুধবার রাতে কে বা কারা মন্দিরে রাখা প্রতিমার মাথা ভেঙে ফেলেছে বলে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার সাহা জানান।
তিনি বলেন, শ্মশানঘাটের পাশে একটি জায়গায় দীর্ঘ ১৫ বছর ধরে কালী পূজা করা হয়। কালী প্রতিমা বছর জুড়ে মন্দিরে রাখা থাকে। বুধবার গভীর রাতে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালী, মহাদেব, ডাকিনী ও যোগিনী প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে।
প্রতিমা ভাংচুরের খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ, ধুনট থানার ওসি মিজানুর রহমান, পৌর মেয়র এজিএম বাদশাহ্ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মিজানুর বলেন, শ্মশানঘাট এলাকায় কোনো বসতি নেই। স্থানীয়দের তথ্যমতে সেখানে মাদকসেবীদের আড্ডা হয়। এ জন্য প্রতিমার ভাংচুরের ঘটনাটি মাদকসেবীরা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ জানান, ভাংচুরের মন্দিরের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
