রংপুরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর রংপুরের মিঠাপুকুর উপজেলার এক কিশোরের লাশ গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টায় শাল্টিগোপালপুর শালবাগানে রনি মিয়া (১৫) নামের ওই কিশোরের লাশ পাওয়া যায় বলে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) ময়নুল হোসেন জানান।
সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের ভেলু এলাকার আব্দুর রহমানের ছেলে রনি মঙ্গলবার বিকালে নিখোঁজ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিদর্শক ময়নুল বলেন, সকাল ১১টার সময় গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম দীলিপ পাইকার রনির লাশ দেখে থানায় খবর দেন।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
“রনির হাত, পা ও মুখ বাঁধা ছিল।গলায় গামছা পেঁচিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। আঘাতের চিহ্ন রয়েছে তার হাত-পায়েও।”
রনি মাঝে মাঝে তার বাবার অটোরিকশা চালাত জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “মঙ্গলবার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি রনি।”
“দুর্বত্তরা তাকে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে বলে মনে হচ্ছে।”
