১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ে লিখে জেএসসি পরীক্ষায় জসীম

জন্ম থেকেই হাত নেই ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসীম মাতুব্বরের। তাই লিখতে হয় পায়ে। পায়ে লিখেই এবার জুনিয়র সার্টিফেকেট পরীক্ষা দিচ্ছে সে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 11:24 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

মঙ্গলবার শুরু হওয়া জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উপজেলার মনোহরপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে তালমা পরীক্ষা দিচ্চে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র।

নগরকান্দার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বর ও তছিরন বেগমের বড় ছেলে জসীম। তারা চার ভাই এক বোন। রশিদ সপ্তম শ্রেণি, লিমন ৩য় শ্রেণি, আবুল খায়ের কওমী মাদ্রাসা ও বোন পঞ্চম শ্রেণির পর স্থানীয় মহিলা মাদ্রাসায় ভর্তি হয়েছে।

জসীমের বাবা হানিফ দিন মজুরের কাজ করে সংসার চালান।

মা তছিরন বেগম বলেন, ২০০১ সালের ১৩ মার্চ বিকলাঙ্গ অবস্থায় জসীমের জন্ম হয়। কিন্তু জসীম সব কাজ নিজেই করতে পারে। ফুটবল খেলতে পারে। মোবাইল ফোন রিসিভ ও কল করতে পারে। বিশেষ কায়দায় মাছও শিকার করতে পারে।

নগরকান্দা কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, “পড়ার প্রতি জসীমের প্রবল আগ্রহ আছে। তার স্মরণশক্তি প্রখর। ভাবলাম পড়ায় ভালো হলে কেন লিখতে পারবে না। তাই ওর ডান পায়ের আঙুলের ফাঁকে চক আটকিয়ে দিয়ে লেখার তালিম দেই। কয়েকদিনের মধ্যেই ও সুন্দর লিখতে শিখে যায়।”

জসীম বড় হয়ে শিক্ষক হতে চায়। এলাকার ছেলে-মেয়েদের শিক্ষিত করে তুলতে সহায়তা করবে বলে সাংবাদিকদের বলে।

নগরকান্দা তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, “জসীম লেখা পড়ায় অত্যান্ত ভালো। ওর লেখা পড়ার প্রতি আমাদের বিশেষ নজর রাখছি।”

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ বলেন, ফরিদপুর জেলা প্রশাসক মহোদয়সহ আমি ওর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। জসীমের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে ইতিমধ্যে তার বাবা ও মায়ের নামে কিছু জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ওর স্কুলে আসা যাওয়ার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি ভ্যান গাড়ি অনুদান হিসেবে দেওয়া হয়েছে।