১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ সাজেদাপুত্রের বিরুদ্ধে

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও অনেককে হাতুড়িপেটায় পঙ্গু করাসহ ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলের বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

ফরিদপুর প্রেসক্লাবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সালথা উপজেলা উপজেলা আওয়ামী লীগ নেতারা আয়মন আকবর চৌধুরী বাবলুর বিরুদ্ধে এ অভিযোগ করেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী। দলের উপজেলা সভাপতি মো. দেলোয়ার হোসেন ও স্থানীয় নেতা মো. আনোয়ার হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী সাব্বির আলী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্থানীয় সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী বড় ছেলে আয়মনকে তার রাজনৈতিক প্রতিনিধি হিসেবে বিভিন্ন জনসভায় পরিচয় করিয়ে দেন।

এর কিছুকাল পরেই আয়মন সন্ত্রাসী বাহিনী গঠন করে সালথা-নগরকান্দায় ব্যবসা-বাণিজ্যসহ সর্বত্র প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ করেন সাব্বির।

তিনি বলেন, “আয়মন চৌধুরীর মদদে সন্ত্রাসীরা নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেতা-কর্মীদের কোণঠাসা করে রাখে, স্থানীয় আওয়ামী লীগে হাইব্রিড নেতা-কর্মীদের তৎপরতা বৃদ্ধি পায়। হাইব্রিড সন্ত্রাসী বাহিনীর অন্যায় কাজের প্রতিবাদ করায় কয়েক হাজার নেতা-কর্মীকে মারধর করে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অনেকের বসতভিটাসহ যাবতীয় মালামাল। দফায় দফায় বাড়িঘরে হামলা চালিয়ে লুটে নেওয়া হয় তাদের সর্বস্ব।”

ওই সন্ত্রাসী বাহিনীর হাতুড়িপেটার শিকার হয়ে অনেক আওয়ামী লীগকর্মী পঙ্গু হন বলেও তিনি অভিযোগ করেন।

আয়মনের মদদে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আসা কয়েকজন ‘হাইব্রিড’ নেতাসহ শতাধিক সদস্যের একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।   

সাব্বিরের দাবি, এই বাহিনীর হাতে লাঞ্ছিত হয়ে গৃহহারা হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সংসদ উপনেতার সাবেক এপিএস মো. জামাল হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া, দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. সানোয়ার হোসেন, ইভা সানোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার মন্ডলসহ অনেকে।

এই সন্ত্রাসীরা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে মুক্তিযোদ্ধা চৌধুরী ইউনুস আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেক মাতুব্বর, কাসেম মোল্লা, ফরহাদ শেখ, নান্নু মাতুব্বর, সবুজ মাতুব্বর, মো. দেলোয়ার হোসেন, নুর ইসলাম, রেজাউল মাতুব্বর, মিলন মিয়া, আরশাদ মাতুব্বর, রিপন মোল্লা, মুরাদ মোল্লাসহ অসংখ্য নেতা-কর্মীকে সালথা থেকে বিতাড়িত করেছে বলেও অভিযোগ করেন সাব্বির।

তিনি বলেন, ওই বাহিনীর হাতুড়িপেটায় পঙ্গুত্ব বরণ করেছেন আব্দুস সালাম শেখ, সুলতান শেখ, এশারত হোসেনসহ নিবেদিতপ্রাণ কয়েকজন আওয়ামী লীগকর্মী। চাঁদাবাজির শিকার হয়েছেন মো. দেলোয়ার কাজি, তুহিন মুন্সী, নুরুদ্দিন মাতুব্বর, হাফিজুল মাতুব্বর, শহীদুল মাতুব্বরসহ অনেক ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার এক পর্যায়ে আবেগতাড়িত হয়ে পড়েন চৌধুরী সাব্বির আলী।

“মুক্তিযোদ্ধা পিতার সন্তান ও আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী হয়েও আজ এই বাহিনীর অত্যাচারে আমার বাড়িঘর হারিয়েছি। এই বাহিনী আমার বাড়ির সামনে কবর খুঁড়ে আমাকে জ্যন্ত কবর দেওয়ার ঘোষণা দিয়েছে। আমার মতো আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা-কর্মী আজ বাবলু বাহিনীর অত্যাচারে দিশেহারা।”

এসব অপকর্মে পুলিশ মদদ দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে ত্যাগী নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন বন্ধে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ উপনেতার এপিএসের পদ থেকে আয়মন আকবর চৌধুরী বাবলুকে অপসারণ ও অসাধু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এ ব্যাপারে আয়মনের মোবাইলে কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।