নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়ির পাশে একটি ডোবায় মো. জাকারিয়ার (০১) লাশ পাওয়া যায়।
শনিবার রাতে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের বসতঘর থেকে জাকারিয়া নিখোঁজ হয়।
শিশুটির বাবা চা বিক্রেতা আবু বক্কর সিদ্দিক জানান, শনিবার রাত ৯টার দিকে বাড়ির কাছে চায়ের দোকান বন্ধ করে তিনি ঘরে ফিরে দরজা খোলা দেখেন। এ সময় বিদ্যুৎ না থাকায় তিনি মোমবাতি জ্বালানোর পর স্ত্রী নাহিদা বেগমকে ঘুমিয়ে থাকতে দেখেন।
তিনি বলেন, ছেলেকে ঘরে না দেখে স্ত্রীকে জাগিয়ে জিজ্ঞেস করেন। ওই সময় তার স্ত্রী ছেলেকে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন।
“পরে দেখি ঘরের বিদ্যুতের লাইন বন্ধ করা। রাতেই পুলিশকে বিষয়টি জানাই এবং খোঁজাখুজি করতে থাকি।”
সন্ধ্যায় বাড়ির পাশের ডোবায় লাশ ভেসে ওটে বলে জানান তিনি।
আবু বক্করের আরও দুই ছেলে রয়েছে। ইয়াহিয়া (১৪) ও আব্দুল আহাদ মধুপুর হালিমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে।
সিরাজদিখান থানার এসআই আমিনুল ইসলাম জানান, শনিবার রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
