রাজশাহীর সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
রাজশাহীতে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে সঙ্গী হওয়ায় বাগমারায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এক আদেশে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় বলে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন জানান।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সরকার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন আবুল কালাম আজাদ।
এনিয়ে বৃহস্পতিবার একটি সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন এসপি।
গত ৭ মে চতুর্থ দফায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দুইদিন আগে ৫ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ২৬ সেপ্টেম্বর পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ হবে।
