২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

আ.লীগ প্রার্থীর মনোনয়ন দাখিলে সঙ্গী পুলিশ কর্মকর্তা

রাজশাহীর বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আলমগীর সরকার; যার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 07:32 PM

Updated : 11 Oct 2022, 08:50 PM

পুরনো খবর:

ইউপি নির্বাচনে আ. লীগ প্রার্থীর জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ

বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ওই পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন তিনি।

আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে পুলিশ কর্মকর্তা সঙ্গী হওয়ায় নির্বাচন কতটা  সুষ্ঠু  হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য প্রার্থীরা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আব্দুস সালাম বলেন, “যেখানে পুলিশ গিয়ে একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয় সে নির্বাচন নিরপেক্ষ হবে কি না তা সবাইকে ভাবিয়ে তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।”

এ ব্যাপারে রাজশাহী পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশ নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন। তবে কেউ যদি কোনো প্রার্থীর পক্ষে মনোয়নপত্র জমা দেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ মে চতুর্থ দফায় বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দুইদিন আগে ৫ মে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে গত ২৬ সেপ্টেম্বর পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ হবে।

প্রথম তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন আলমগীর সরকার। কিন্তু দ্বিতীয় বার তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন পরিবর্তন করে আলমগীরকে প্রার্থী করে ক্ষমতাসীন দলটি।