টাঙ্গাইলের পুংলী নদীতে গ্যাস লাইন ফেটে আতঙ্ক
টাঙ্গাইলের কালিহাতীতে পুংলী নদীর নিচে পাইপ লাইন থেকে গ্যাস বের হতে শুরু করায় আতঙ্ক তৈরি হয়েছে।
দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় গ্যাস-বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি নদীতে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পুংলী ব্রিজের পাশে নদীতে হঠাৎ বিকট শব্দ হয় এবং পানি ছিটিয়ে গ্যাস বেরিয়ে আসতে শুরু করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কমকর্তা কফিল উদ্দিন বলেন, “নদীর ওই অংশে গ্যাসের পাইপ লাইন রয়েছে। সেখানে বিস্ফোরণ ঘটায় বা ফাটল সৃষ্টি হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানটি ঘিরে রেখেছে।”
ঘটনাস্থলে উপস্থিত তিতাস গ্যাসের এলেঙ্গা অফিসের টেকনিশিয়ান লাবলু মিয়া সাংবাদিকদের বলেন, “গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আপাতত ভয়ের কিছু নেই।”
খবর পেয়ে কালিহাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিতাস গ্যাস ও কালিহাতী থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন বলেন, পাইপ পুরনো হওয়ায় নদীর ওই অংশে কোনো জোড়া খুলে গিয়ে থাকতে পারে।
“গ্যাস লাইন বন্ধ করে দেওয়ায় এখন আর আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”
