বাগেরহাটে কার্গো থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে বালু উত্তোলনের সময় কার্গো থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার বিকালে পানগুছি নদীর লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তাহের মোল্লাকে (৫২) উদ্ধারে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল ডাকা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তারা কোনো খোঁজ পায়নি।
তাহের মোল্লা বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের প্রয়াত নুর মোল্লার ছেলে। তিনি বালু উত্তোলনকারী ‘এমভি রাহাত তামিম’ কার্গোর শ্রমিক।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা (এসও) কালাম মোড়ল বলেন, বিকালে ঢাকা থেকে নদী পথে এমভি বাঙালি নামে একটি রকেট যাত্রী নিয়ে মোরেলগঞ্জের পানগুছি নদীতে আসে।
অন্য শ্রমিকদের বরাত দিয়ে তিনি বলেন, এ সময় নদীতে প্রবল ঢেউ উঠলে লঞ্চঘাট এলাকায় আগে থেকে দাঁড়িয়ে থাকা কার্গো থেকে তাহের মোল্লা পানিতে পড়ে যান। পরে ওই কার্গোর অন্য শ্রমিকরা পানিতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের চার সদস্যে একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পায়নি বলে জানান কালাম মোড়ল।
