যুদ্ধাপরাধের মামলায় শেরপুরে এক আসামি গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরে এক কলেজশিক্ষককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার এসএম আমিনুজ্জামান ফারুক নকলা পৌরসভার ইসিবপুর মহল্লার প্রয়াত শামসুজ্জামানের ছেলে। তিনি নকলার জাল মামুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক, যিনি এখন সাময়িক বরখাস্ত আছেন।
সোমবার দুপুরে নকলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার জানান।
তিনি বলেন, “সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের জারি করা পরোয়ানার পর আসামি এসএম আমিনুজ্জামান ফারুককে গ্রেপ্তার করা হয়েছে।”
তাকে ট্রাইব্যুনালে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ।
২০০৯ সালে নকলার বাজারদি এলাকার বাসিন্দা সৈয়দ আলম মঞ্জু মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কলেজশিক্ষক ফারুকের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন।
মামলার বিবরণে বলা হয়, ১৯৭১ সালের ২৭ অগাস্ট বাদীর চাচা সৈয়দ শাহাজাহান আলীকে আলবদর বাহিনীর সদস্য এসএম আমিনুজ্জামান ফারুক, আব্দুল কাদির, জয়নাল আবেদিনসহ আরও ৫-৭ জন ধরে নিয়ে যায়। পরে নকলা পাইলট হাইস্কুলের আলবদর ক্যাম্পে আটক রেখে নির্যাতন ও পরে তাকে হত্যা করে।
