হলমালিক ও স্ত্রী-ছেলে ইয়াবাসহ আটক
গাইবান্ধায় চার হাজার ইয়াবাসহ এক সিনেমা হলের মালিক ও তার স্ত্রী-সন্তানকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে ১৪টি মোবাইল ফোন ও দেড় লক্ষাধিক টাকা।
সাঘাটা উপজেলা শহরের নাজমা সিনেমা হলে রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের এডি মো. কাওসার আলী।
আটককৃতরা হলেন হলের মালিক নওয়াব আলী (৬৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) ও ছেলে মনোয়ার হোসেন (৩৫)।
র্যাব কর্মকর্তা কাওসার বলছেন, সিনেমা হলের আড়ালে নওয়াব আলী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। হলে নিয়মিত মাদকের আসরও বসত।
“অভিযান চালিয়ে তিনজনকে আটকসহ ৪ হাজার ৯০টি ইয়াবা, ১ লাখ ৫৮ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।”
আটকের পর তাদের সাঘাটা থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
