১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রংপুরে ট্রেনের ধাক্কায় ৪ গরু ব্যবসায়ী নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় নসিমনে ট্রেনের ধাক্কায় চার গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে চালকসহ চারজন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 12:59 AM

Updated : 12 Apr 2022, 02:43 AM

শনিবার রাত সাড়ে ৯টায় শিবু কুঠিরপাড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানি।

নিহতরা হলেন হাফিজার রহমান (২৫), আবুবক্কর (৩৫), আজিজার রহমান (৩০) ও তার ভাই মুকুল মিয়া (২৬)। 

নিহতদের বাড়ি কাউনিয়া উপজেলার হারাগাছ মেনাজ বাজার এলাকায়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত ব্যবসায়ী কাউনিয়া উপজেলার টেপামধুপুর হাট থেকে গরু কিনে নসিমনে করে হারাগাছে যাচ্ছিলেন। রেলক্রসিংয়ে এসে নসিমন বন্ধ হয়ে যায়।

“এমন সময় রংপুর থেকে ঢাকামুখী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস এসে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ট্রেনের ধাক্কায় চারজনের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়লে তারা ঘটনাস্থলেই মারা যায়।”

এছাড়া নসিমনের চালক রবিউল ইসলাম, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, নুর ইসলাম ও মোন্নাফ আলী গুরুতর আহত হন।

আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

ট্রলিতে থাকা ছয়টি গরুও কাটা পড়ে মারা যায় বলে তিনি জানান।