১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দৌলতপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আটক ১২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 05:21 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

উপজেলার খলিসাকুন্ডি পুলিশ ফাঁড়িতে শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি মোল্লা মো. সগির আহমেদ।

এ ঘটনায় স্থানীয় মেম্বার বেলাল হোসেনসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি জানান, গোপন সংবাদে শুক্রবার রাত ৯টার দিকে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের আইসি এএসআই ফেরদৌসের নেতৃত্বে স্থানীয় রহমানের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে সেখানে কোনো মাদক উদ্ধার করতে না পারায় গৃহকর্তা রহমানের ভাতিজা মাসুদ রানা পুলিশের কাছে তথ্য দাতার নাম জানতে চান।

“এনিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে গ্রামবাসী পুলিশকে ঘেরাও করে তথ্য দাতার নাম জানতে চাইলে পুলিশ মাসুদ রানাকে ফাঁড়িতে নিয়ে আসে।”

তিনি বলেন, “পরে আমার উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের সঙ্গে ফাঁড়িতে সমঝোতা বৈঠক হয়। বৈঠক চলাকালে আকস্মিক গ্রামবাসী ফাঁড়িতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

“পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।”

খবর পেয়ে কুষ্টিয়া থেকে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়া অভিযোগে ১৯ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার ১২ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তারর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সগির আহমেদ।