৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শরীয়তপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 03:23 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার চরসামন্তসার গ্রাম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আয়না বেগমের লাশ উদ্ধার করা হয় বলে জানান গোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন।

নিহত আয়না ওই গ্রামের আলিম উদ্দিন মাদবরের ছেলে অটোরিকশাচালক জসিমের স্ত্রী। তিনি একই গ্রামের আলাল ফকিরের মেয়ে ও গোসাইরহাট সামসুর রহমান কলেজে শিক্ষার্থী ছিলেন।

আয়নার দুলাভাই কাঞ্চন বলছেন, দুই বছর আগে বিয়ের পর অটোরিকশাচালক জসিমকে এক লাখ টাকা যৌতুক দেওয়া হয়।

“সম্প্রতি জসিম আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। বৃহস্পতিবার সকালে জসিমের ঘরের আড়ায় আয়নার ঝুলন্ত লাশ পাওয়া যায়।”

আয়না পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তিনি জানান।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শাশুড়ি জৈবুন্নেসা বেগমকে আটক করেছে পুলিশ। আর স্বামী জসিমকে আটকের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।