১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মাছ বিক্রেতার রগ কাটা লাশ

বাগেরহাটে তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়া এক মাছ বিক্রেতার গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 12:43 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খলিফাবাড়ির সামনে দরগার খাল থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান মোরেলগঞ্জের পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মনোয়ার হোসেন।

নিহত শেখ রিয়াদ হোসেন (৩০) ওই ইউনিয়নের খারইখালি গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে।

রিয়াদের স্ত্রী মাসুমা বেগম বলেন, বুধবার সকালে রিয়াদ পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ ছিলেন।

“রিয়াদ মাছ কেনাবেচা করতেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল কিনা তা আমার জানা নেই।”

এসআই মনোয়ার জানান, স্থানীয় লোকজন দরগার খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে তার পরিবার শনাক্ত করে।

“তার গলা, দুই হাত ও বাঁ পায়ের রগ কাটা রয়েছে। তাকে সম্ভবত বুধবারই পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনাটি পুলিশ তদন্ত করে খুনিকে শনাক্ত করার চেষ্টা করছে বলে তিনি জানান।