মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ১০
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মালখানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুলাল হেসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোড়াপীপাড়া, ফুরশাইল, বয়রাগাদী, মালখানগর ও ফেগুনাসা কয়েকটি গ্রামে কয়েকটি পাগলা কুকুর অনেককে কামড়ে আহত করে।
“আহতদের মধ্যে ১০-১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল। তবে আমাদের কাছে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকার মহাখালী হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
ফেগুনাসা গ্রামের ইমতিয়াজ নামে এক ব্যক্তি বলছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত পাঁচ-ছয়টি পাগলা কুকুর কয়েকটি গ্রামে হামলা চালিয়ে ২৫-৩০ জনকে কামড়ে আহত করে।
আহত ১১ জনের নাম জানাতে পেরেছেন ইমতিয়াজ। তারা হলেন গোড়াপীপাড়া গ্রামের রবিন (১৭), রুবেল হোসেন (৩), হোসনে আরা (৪০), ফুরশাইল গ্রামের বাবু (২), আনিছ (১২), আলম (৮), মালখানগর গ্রামের জসিম (০৮), আওলাদ (৩৫), আরতী ধর (৩০), ফেগুনাসা গ্রামের রুবিনা (৯) ও বয়রাগাদী গ্রামের জামাল শেখ (১৮)।
