কুমিল্লায় যুদ্ধাপরাধ মামলায় সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থেকে পাকিস্তান সেনাবাহিনীর এক সাবেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রাম থেকে সহিদ উল্লাহকে গ্রেপ্তার করে বলে দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া জানান।
তিনি বলেন, ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রাতে বারপাড়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে সহিদের বাড়িতে অভিযান চালানো হয়।
রাতেই তাকে গ্রেপ্তার করে ঢাকায় নেওয়া হয় বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের সময় সহিদ ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতায় বিভিন্ন যুদ্ধাপরাধ ঘটান। দেশ স্বাধীন হওয়ার পর তিনি আর বাংলাদেশ সেনাবহিনীতে যোগ দেননি।
