বাগেরহাটে কাপড়পট্টিতে আগুন, একজন নিহত
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কাপড়পট্টিতে আগুন লেগে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে; পুড়ে গেছে সাতটি দোকান।
মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগে বলে জানান মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা (এসও) স্বপন কুমার ভক্ত।
তিনি বলেন, ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ বাজারের কাপড়পট্টিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
“প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে পুড়ে যায় এবং আরও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।”
এ সময় সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয় বলে স্টেশন কর্মকর্তা জানান।
তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে চেনা যাচ্ছে না।
আগুনের কারণ তদন্ত ছাড়া বের করা যাচ্ছে না বলে তিনি জানান।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান বলেন, ভোরে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে আগুন দেখতে পায়।
অজ্ঞাত পরিচয় নিহত ব্যক্তি সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
পুড়ে যাওয়া দোকানের মালিকেরা হচ্ছেন আব্দুস সালাম ব্যাপারী, আব্দুল আউয়াল ব্যাপারী, হাজী রফিকুল ইসলাম, মিরাজ শেখ, সরোয়ার হোসেন, হাসিবুর রহমান বাচ্চু ও হুমায়ুন তালুকদার।
জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তি সম্পর্কে স্থানীয়রা কেউ কিছু বলতে পারছে না।
“ওই ব্যক্তি কেন এখানে এসেছিল তা জানতে এবং পরিচয় নিশ্চিত হতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।”
পরিচয় জানা গেলে আগুনের কারণ পাওয়া যেতে পারে বলে তিনি জানান।
মিরাজ শেখ নামে এক ব্যবসায়ীর পুড়ে যাওয়া দোকান থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম।
তিনি বলেন, তার সারা শরীর এমনভাবে পুড়ে গেছে যে তা চেনার উপায় নেই।
“তিনি এখানে চুরি করতে না আগুন নেভাতে এসেছিলেন তা জানতে তদন্ত শুরু করেছি।”
