৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

গোসাইরহাটে শিশু হত্যা, মাসহ আটক ৫

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ছয় মাসের এক শিশুকে গলা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

শুক্রবার দুপুরে নলমুড়ির ঘাটা খান গ্রামে নিহত মীম স্থানীয় বিল্লাল হোসেন রাড়ী ও শিল্পী বেগমের মেয়ে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা শিল্পীসহ পাঁচ জনকে গোসাইরহাট থানায় নিয়েছে পুলিশ।

নিহত শিশুটির দাদি শাহিদা বেগমের বরাত দিয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, মীমকে ঘরে ঘুমিয়ে রেখে পাশের একটি পুকুরে পানি আনতে যান শিল্পী বেগম। কিন্তু পুকুর বাড়ি ফিরে দেখেন বিছানায় মীম নেই।

“খোঁজাখুঁজির এক পর্যায়ে একই বাড়ির মুনসুর তালুকদারের জ্বালানি কাঠ রাখার ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মীমের মৃতদেহ পাওয়া যায়।”

পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এহসান।

শিশুটির দাদি শাহিদা বেগমের অভিযোগ, তাদের প্রতিবেশী আলাউদ্দিন মাঝির সঙ্গে মীমের বাবা বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ কারণে আলাউদ্দিন মাঝি ও তার পরিবারের লোকজন এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মীমের মা শিল্পী বেগম, চাচি ফাতেমা বেগম, প্রতিবেশী আলাউদ্দিন মাঝির স্ত্রী পিয়ারা বেগম, তার ছেলে রিয়াজ উদ্দিন মাঝি ও ইলিয়াছ মাঝিকে আটক করেছে।