১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ভারত থেকে অবৈধ পথে ফেরার সময় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

সোমবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সরকার পাড়া সীমান্তের ভারতীয় অংশ থেকে তাকে আটক করা হয় বলে রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আশরাফ আলী জানান।

আটক পারভেজ (২০) উপজেলার সরকার পাড়া গ্রামের করিম হাসানের ছেলে।

আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজের সন্ধানে পারভেজ অবৈধভাবে ভারতের কেরালায় যায়। সোমবার সন্ধ্যা ৬টার দিকে দেশে ফেরার পথে ভারতের বাউশমারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

রাতেই তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত বিএসএফ চিঠির জবাব দেয়নি বলে জানান তিনি।