স্লুইস গেট ধসে কয়েক গ্রামে প্লাবন
কয়েক দিনের বৃষ্টি ও উজানের পানির চাপে গাইবান্ধার সাঘাটা উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া টু ভোল্ট স্লুইস গেট ভেঙে যাওয়ায় প্লাবন সৃষ্টি হয়েছে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউজ্জামান ভুইয়া।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বলছেন, পানির চাপে ভাঙন সৃষ্টি হওয়ায় স্লুইচ গেটটি কয়েক ভাগে বিভক্ত হয়ে ধসে গেছে।
গত দুই দিনে পূর্ব আমদির পাড়া, কাঠুর, গোবিন্দপুর, থৈকরের পাড়া, পানপাড়া, ডাঙ্গার পাড়া ও কুণ্ডপাড়া প্লাবিত হয়েছে বলে তিনি জানান।
জুমারবাড়ী ইউনিয়নের থৈকরের পাড়া গ্রামের কৃষক আব্দুল বারী জানান, স্লুইস গেট দিয়ে পানি ঢুকে তার ১৫ বিঘা জমির জন্য তৈরি বীজতলা ডুবে গেছে।
ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামের কৃষক আজিজল শেখ জনান, হঠাৎ পানি আসায় তার সাত বিঘা জমির পাট তলিয়ে গেছে।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিউজ্জামান ভুইয়া বলেন, কানাইপাড়া স্লুইস গেট ধসে সৃষ্ট বন্যায় পাটসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। ব্যাপকভাবে পানি ঢুকে পড়ায় ভাঙন তীব্র হয়েছে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে তিনি জানান।
