১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই খুন

ফরিদপুরের সালথা ও বোয়ালমারীর পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 04:35 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

এর মধ্যে সালথা উপজেলার বাতা গ্রামে ভাতিজার বল্লমের আঘাতে চাচা এবং বোয়ালামারীর কেয়ার গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলকে প্রতিবেশী কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন বাতা গ্রামের মতি মাতুব্বর (৪০) ও কেয়ার গ্রামে অবসরপ্রাপ্ত কনস্টেবল রাজ্জাক মৃধা।

সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, “শুক্রবার রাতে বড়ভাই আয়নাল মাতব্বরকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন মতি মাতব্বর। এ সময় দূর সম্পর্কের ভাই হিরু মাতব্বরের ছেলে পিকুল মাতব্বর বল্লম দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

“গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বোয়ালমারী থানার এসআই মোশাররফ হোসেন জানান,  জমি নিয়ে রাজ্জাক মৃধার সঙ্গে প্রতিবেশী সিরাজুল ইসলামের বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে সিরাজুলের স্ত্রী বটি দিয়ে রাজ্জাককে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় রাজ্জাকের দুই ভাইকে আহত হয়েছেন।”

এ ঘটনায় সিরাজুলের স্ত্রী রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই।