গাজীপুরে ভবনের ছাদে যুবকের লাশ
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ভবনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আনুমানিক ১৮ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাশেম।
তিনি বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় জামিলা বেগমের একটি পাঁচতলা ভবন রয়েছে। ভবনটির কাজ সম্পূর্ণ শেষ না হওয়ায় অরক্ষিত রয়েছে। বুধবার সকালে এলাকার কয়েকজন লোক ছাদে উঠে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ছাই রংয়ের প্যান্ট ও সবুজ আর নীল রংয়ের গেঞ্জি পরা ওই যুবকের পরিচয় জানাতে পারেননি এসআই হাশেম।
লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
