যশোরে ‘ডাকাত’ ধরতে গিয়ে পুলিশ ছুরিকাহত
যশোরের ঝিকরগাছায় ‘ডাকাতের’ ছুরিকাঘাতে পুলিশের এক এসআই আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে ওয়াপদা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান।
আহত এসআই তৌহিদুল ইসলামকে (৪৫) রাতেই যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
ওসি খবির আহমেদ জানান, রাত পৌনে ২টার দিকে ওয়াপদা বস্তি এলাকায় ডাকাতদলের সদস্যদের আটকের জন্য অভিযান চালায় পুলিশ।
“এ সময় এসআই তৌহিদ এক ডাকাতকে ধরে ফেললে সে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ৩টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) ভাস্কর সাহা বলেন, ঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতদের সংখ্যা বা পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
