১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়ি ঘের মালিককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিংড়ি ঘের মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 01:58 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

শনিবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারুইখালী গ্রামের একটি চিংড়ি ঘের থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রফিক শেখ (৩৫) খারুইখালী গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে।

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস বলেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রফিক শেখ মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি।  

শনিবার সকালে স্থানীয়রা রফিকের চিংড়ি ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় বলে জানান তিনি।

“তার বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বলেন, রফিক শেখ স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় ৮০ বিঘার এই চিংড়ি ঘেরটি করছিলেন। সম্প্রতি ওই শরীকের সঙ্গে ঘেরের মালিকানা নিয়ে রফিকের বিরোধ হয়। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড কি না তা যাচাই করা হচ্ছে।