১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে চরমপন্থি’ গুলিবিদ্ধ

সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন চরমপন্থি গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 08:49 AM

Updated : 20 Aug 2022, 12:57 PM

শনিবার ভোর রাতে উপজেলার তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে তালা থানার এসআই রইচউদ্দীন জানান।

আহত সঞ্জিত অধিকারী (৩৫) উপজেলার জালালপুর গ্রামের কার্তিক অধিকারীর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

সঞ্জিত শুক্রবার একই উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে নিহত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানার সহযোগী বলে পুলিশের ভাষ্য।

পায়ে গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারীকে পুলিশ হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন।

তালা থানার এসআই রইচউদ্দীন বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী পুলিশের অভিযানের অংশ হিসেবে তার নেতৃত্বে একটি দল খেশরা ইউনিয়নের তেঘরিয়া যাচ্ছিল।

“পথে তেঘরিয়া মোড়ে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল পুলিশের টহল দলটিকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এতে এসআই বাদশা আহত হন।

“পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। ওই সময় অন্যরা পালিয়ে যান।”

পরে সঞ্জিতকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে বলে জানান তিনি।

এসআই রইচউদ্দীন বলেন, সঞ্জিত শুক্রবার সকালে তালায় বন্দুকযুদ্ধে নিহত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফ্ফর সানার একান্ত সহযোগী।

তালা থানার ওসি ছগির মিয়া বলেন, তার বিরুদ্ধে খুন হত্যা ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে।

পুরানো খবর:

সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে ‘চরমপন্থি’ নিহত