২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছেলেকে গুলি করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে  

‘অনৈতিক কাজের প্রতিবাদ করায়’ যশোরের ঝিকরগাছা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নিজের ছেলেকে গুলিতে জখম করনার অভিযোগ উঠেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 12:34 AM

Updated : 20 Aug 2022, 12:57 PM

শুক্রবার রাতে সাদিপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত সোহাগ হোসেনকে (২৮) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে।

সোহাগ বলেন, তার বাবা স্থানীয় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তিনি বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে রাত ৮টার দিকে তার বাবা গুলি করেন। এতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হয় বলে জানান সোহাগ।

ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, তিনি শুনেছেন অনৈতিকতার প্রতিবাদ করায় চেয়ারম্যান নজরুল ইসলাম ক্ষুব্ধ হয়ে তার লাইসেন্স করা শটগান থেকে ছেলে সোহাগকে গুলি করেছেন।

এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে চেয়ারম্যান নজরুল ইসলামের মোবাইলে একাধিকার ফোন করলেও তিনি ধরেননি।