নির্বাচনী সহিংসতায় ‘ছাত্রলীগকর্মী’র মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নির্বাচনী সহিংসতায় আহত এক ‘ছাত্রলীগকর্মী’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাজমুল ইসলাম মারা যান বলে জানান গফরগাঁও থানার ওসি তোফাজ্জল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ জুন ষষ্ঠ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট দেওয়াকে কেন্দ্র করে শালটিয়া ইউনিয়নের পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়।
“দুই সদস্য প্রার্থী মোশাররফ হোসেন ও আব্দুল করিমের সমর্থকদের মধ্যে বাধা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বিজিবি ৫০-৬০ রাউন্ড গুলি করে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের কর্মী নাজমুল আহত হন।”
ছয় দিন চিকিৎসার পর নাজমুল মারা যান বলে তিনি জানান।
