২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় সালাম হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

কুমিল্লার দাউদকান্দিতে স্বামী হত্যার ১০ বছর পর এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন বলে জানান অতিরিক্ত পিপি রেজ্জাকুল ইসলাম খসরু।

দণ্ডপ্রাপ্ত শাহিনা আক্তার (২৯) দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের আব্দুল আজিজ ভূঞার মেয়ে। জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি।

একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরু জানান, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর উপজেলার মালিগাঁও গ্রামের বাড়িতে আসেন সৌদি আরব প্রবাসী আব্দুছ সালাম। একই বছরের ২৪ সেপ্টেম্বর রাতে খাওয়া-দাওয়ার পর ঘরে ঘুমাতে যান। পরে সেহেরির সময় বাড়ির পাশের ডোবায় তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।

“এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর সালামের মা সুফিয়া খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করলে শাহীনাকে আটক করে পুলিশ।”

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মাসুদ আলম (৩০) নামে আরেকজনকে আটক করা হয়। কিন্তু কারাগারে মাসুদ আলম আত্মহত্যা করায় শাহীনাকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।