৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ভোট: অতিরিক্ত সচিবের বিরুদ্ধে ভাইয়ের প্রতিপক্ষকে হুমকির অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে ইউপি নির্বাচনে ছোট ভাইয়ের হয়ে কাজ করতে রাজি না হওয়ায় প্রতিপক্ষের একজনকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একজন অতিরিক্ত সচিবের বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 03:09 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

নারায়নপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সালাহ উদ্দিন মাদবর মঙ্গলবার বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন তালুকদারের বড় ভাই কামাল উদ্দিন তালুকদার বিরুদ্ধে এ অভিযোগ করেন বলে রিটার্নিং কর্মকর্তা শ্যামল কুমার পাণ্ডে জানান।

সালাহ উদ্দিন মাদবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্রোহী প্রার্থীর বড় ভাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদার ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় হুমকি দিচ্ছেন, তার ছোট ভাইকে ভোট দিতে বলছেন।

“গত ২৮ মে কামাল উদ্দিন মোবাইলে মুরাদ হোসেন বাদল নামে এক তার এক সমর্থককে মোবাইলে ফোন করে তার ভাই নাসিরের পক্ষে কাজ করতে বলেন। এতে মুরাদ অস্বীকৃতি জানালে কামাল তাকে হুমকি দেন।”

সালাহ উদ্দিন একটি অডিও টেপও নির্বাচন কর্মকর্তার কাছে জমা দিয়েছেন, যা মুরাদের সঙ্গে অতিরিক্ত সচিব কামালের আলাপচারিতার বলে দাবি করেছেন তিনি।

প্রায় সাড়ে আট মিনিটের ওই কল রেকর্ডে একটি কণ্ঠকে বলতে শোন যায়, “শেখ হাসিনা আমার প্রধান অভিভাবক। আমি কামাল উদ্দিন তালুকদার এত ফেলনা লোক নই, ৪ তারিখে নির্বাচন যাইতে দাও, আমিও দেখব ওই দেশে কয় বেটা নেতা কী করে।

“আমি তোমার সাথে নির্বাচন নিয়ে যতক্ষণ কথা বলেছি, নারায়ণপুর ইউনিয়নের কারও সাথে আমার এতক্ষণ কথা বলতে হয়নি। তুমি আমাকে যতটা অসম্মান করেছ, আমি তোমাকে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি অসম্মান করব। দেখি তুমি কী করতে পার আর আমি কী করতে পারি। আমি তোমাকে দেখব।”

তবে এই অডিও টেপ সঠিক নয় বলে দাবি করেছেন অতিরিক্ত সচিব কামাল উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে অডিও টেপের কথা বলা হচ্ছে, সেটা বোগাস।”

মুরাদের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, আলাপ হয়েছে। তবে কারণটা ভিন্ন।

“রোগ হলে ওষুধ লাগবে না, স্বামী-স্ত্রীর মনোমালিন্য তার চিকিৎসায় দূর হয়ে যাবে- ইত্যাদি প্রতারণার অভিযোগে ২০১১ সালে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল। আমি তাকে চিনতামও না। তবে ইদানিং সে বলে বেড়াচ্ছে, ওই সময় আমি তাকে গ্রেপ্তার করিয়েছি। এ কারণে তাকে ফোন করেছিলাম।”

এ বিষয়ে আরও অনেকে তাকে ফোন জানিয়ে সরকারি এই কর্মকর্তা বলেন, “এই সবে লাভ নাই। স্থানীয় নির্বাচনে একজন অতিরিক্ত সচিবের প্রেসার দেওয়ার ক্ষমতা নাই। আর দিলেও সাধারণ মানুষ সেটা শুনবে কেন? শুনবে না।”

প্রার্থীর ভাই হিসেবে তার ওপর চাপ তৈরি করতে এই অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

কামাল উদ্দিন বলেন, “আমি প্রান্তিক পর্যায় থেকে উঠে এসেছি। এলাকার নির্বাচনে মানুষকে টাকা পয়সা দিয়ে এই সব করাচ্ছে। আমি যেহেতু তার বড় ভাই, আমার উপর চাপ সৃষ্টি করতে চায়। এর মাধ্যমে কী লাভ সেটা তারাই জানে।”

আগামী ৪ জুন শেষ ধাপের ইউপি নির্বাচনে নারায়ণপুরে ভোট হবে।

এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন তালুকদার ২০১১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সালাহ উদ্দিনের কাছে পরাজিত হয়েছিলেন। এবার প্রার্থী চূড়ান্ত হওয়ার আগে তৃণমূল থেকে তার নাম কেন্দ্রীয় মনোনয়নের বোর্ডে পাঠানো হয়েছিল।

তবে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহত সালাহ উদ্দিনকে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন দেওয়া হয়।