বাগেরহাটে স্কুল কমিটির নির্বাচন, গুলিতে আহত ৫
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি স্কুলের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলাকালে এক প্রার্থীর গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সিকদার মাহবুবুর রহমান নামের একজনকে বন্দুকসহ আটক করেছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন মোল্লা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আবু হোসেন সিকদার (৩৩) ও আবু হানিফ সিকদার (৩৮) নামে দুইজন গুলিবিদ্ধ অবস্হায় ভর্তি হন।
এদের মাথা, হাত, পা ও বুকে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বলেন, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সিকদার মাহবুবুর রহমান ও সিকদার খলিলুর রহমান সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
“সকালে ভোট গ্রহণ শুরু হয়। বোট চলাকালে মাহবুবুর রহমানের কাছে থাকা লাইসেন্স করা বন্দুক দিয়ে হঠাৎ করে গুলি ছোড়েনি তিনি। গুলিতে অন্তত পাঁচজন আহত হন।”
তিনি বলেন, বন্দুকসহ মাহবুবকে আটক করা হয়েছে। তবে তিনি কী কারনে গুলি করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
