২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

মুন্সীগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত ও ১৪ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ প্রতিনিধি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 11:00 AM

Updated : 12 Apr 2022, 02:07 AM

সোমবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলার নিমতলী কালাবাগান গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ডেরিক কুইয়া জানান।

নিহতরা হলো- ঢাকার শনির আখড়ার রুস্তম আলীর ছেলে মো. শুভ (১৬), গিয়াসউদ্দিনের ছেলে মো. রাহাত (১৪) ও জয়নাল আবেদীননের ছেলে মো. রফিক (১৩)।

আহতদের মধ্যে একই এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রাজু (১৩) ও আবুল কালামের ছেলে মনির হোসেনকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সার্জেন্ট ডেরিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে একটি টিনএজ দল পিকআপে করে মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল।

“এ সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং ১২-১৪ জন আহত হয়। হতাহতরা সবাই পিকআপ-আরোহী।”

স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে নিহত তিনজনসহ ১৭ জনকে হাসপাতালে আনা হয়।

“আহতদের মধ্যে দুইজনকে ভর্তি করে অন্য ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা সবাই শনির আখড়ার বাসিন্দা।”

সার্জেন্ট ডেরিক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তরুণদের দলটি খোলা পিকআপে করে শেষ রাতে পুরান ঢাকা থেকে মাওয়া আসে। ঘুরে আবার হুল্লা করে ফিরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।

পুলিশ ট্রাক আটকসহ বিকল পিকআপ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে গেছে বলে জানান তিনি।