১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে দুই ইরানি গ্রেপ্তার

ফরিদপুরের এক ফিলিং স্টেশন থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে আসা দুই ইরানিকে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

আলী রেজা ফাইজার (২৮) ও ডাভড ইয়ার বিগি ডারভি সানড (৩৬) নামের ওই দুই ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে নগরকান্দা থানার এসআই সুকান্ত দত্ত জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুইজনের বাড়ি ইরানের কারাজ এলাকায়। শুক্রবার রাতে ফরিদপুর সদর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইউনাইটেড পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নগরকান্দা উপজেলার মেসার্স তোফাজ উদ্দিন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দুটি প্রাইভেট কারে চার বিদেশি নাগরিক আসেন।

“তারা আমার রুমে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ৬২ হাজার পাঁচশ টাকা নিয়ে চলে যান।”

পরে মোটরসাইকেলে পিছু নিয়ে ফরিদপুর সদর উপজেলার ইউনাইটেড ফিলিং স্টেশনে ওই গাড়ি দুটি দেখতে পান বলে জানান কামরুজ্জামান।

“এলাকাবাসীর সহায়তায় বিকাল সাড়ে ৫টার দিকে একটি গাড়িসহ দুই ইরানিকে আটক করা গেলেও অপর দুই বিদেশি গাড়িসহ পালিয়ে যান।”

কোতোয়ালি থানার এসআই মিরাজ হোসেন জানান, দুই ইরানিকে আটক করার পর তাদের নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।

এরপর ওই ফিলিং স্টেশনের মালিক জামাল মীর শনিবার দুই ইরানিসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ছিনতাই ও দস্যুতার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরে তাদের মুখ্য বিচারিক হাকিমের আদালতে তোলা হয়।

নগরকান্দা থানার এসআই সুকান্ত জানান, দুই ইরানির কাছ থেকে ‘ছিনতাই করা’ ১৫ হাজার টাকা তারা উদ্ধার করেছেন।

দুই ইরানি এক মাসের পর্যটন ভিসা নিয়ে গত ৪ মে বাংলাদেশে আসেন বলে জানন তিনি।