৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কবিরাজের বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাটে কবিরাজ বাড়ি থেকে এক নারী গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার উপজেলার ছোটকাচনা গ্রামে আনাস উদ্দিন ওরফে আনোয়ার ফকিরের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান গোসাইরহাট থানার এসআই মিজানুর রহমান।

নিহত কল্পনা বেগম বরিশালের মুলাদী উপজেলার বালিয়াতলী সফিপুর গ্রামের সজল বেপারীর স্ত্রী।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসআই মিজানুর বলেন, মঙ্গলবার বিকালে কল্পনা তার বাবা আ. মজিদ বেপারী ও মা মুকুলী বেগমকে নিয়ে ছোটকাচনা গ্রামে আনাস উদ্দিন ওরফে আনোয়ার ফকিরের বাড়িতে আসে। একই বাড়ির আলমগীর মৃধার ঘরে থেকে তারা কবিরাজের চিকিৎসা নেয়।

“বুধবার গভীর রাতে গোঙানি শুনে কক্ষে থাকা মা-বাবা এসে কল্পনার গলাকাটা লাশ চিৎকার করলে আশে পাশের লোকজন এসে গোসাইরহাট থানায় খবর দেয়।”

গোসাইরহাট থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, কল্পনার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার গলায় কাটা চিহ্ন রয়েছে।