দিনাজপুরে রাজাকারপুত্র আ. লীগের প্রার্থী
দিনাজপুরের বিরল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক রাজাকারের ছেলেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
উপজেলার ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফারুক আজম স্বাধীনতা বিরোধী শান্তি কমিটির সদস্য মাহাবুব মাস্টারের ছেলে।
রানীপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ৯ মে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কছে মনোনয়নপত্র দাখিল করেছেন ফারুক আজম।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারুক আজমের বাবা মাহবুব মাস্টার রাজাকার ছিলেন এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেটা এলাকার কারো অজানা নয়।
“মাহবুব মাস্টার স্বাধীনতা যুদ্ধের সময় পিস (শান্তি) কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে বিরল-বোচাগঞ্জ সংসদীয় আসনে জামায়াত থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে আমার বিরুদ্ধেই নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।”
তবে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাবা মাহবুব মাস্টার শান্তি কমিটির সক্রিয় সদস্য থাকার কথা স্বীকার করে ফারুক আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রলীগও করেছি।”
ফারুক আজমের বাবা রাজাকার ছিলেন স্বীকার করলেও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর দাবি ফারুক অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
