Published : 11 May 2016, 12:35 AM
মঙ্গলবার রাত ৯টার দিকে কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কের ভাটেরার উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাতার প্রবাসী চিনু মিয়ার (৪৩) বাড়ি ভাটেরায়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ও এসআই সাব্বির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে কুলাউড়া থেকে ভাটেরা যাওয়ার পথে রাস্তায় রাখা পাথরের সাথে ধাক্কা লেগে একটি সিএনজি অটোরিকশা উল্টে যায়।
“এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কাতার প্রবাসী চিনু মিয়া (৪৩)।”
এ সময় গুরুতর আহত হন সোহাগ মিয়া (৩০), আবুল মিয়া (৪০), জাহাঙ্গীর মিয়া (৩৫) ও সালমা বেগম (৩২)। তাদের প্রথমে কুলাউড়া সদর হাসপাতালে, পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে ঘটনার পর থেকে এলাকাবাসী কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তায় অবরোধ করে।
পুলিশসহ ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা দুয়েক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।