২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দিগম্বর হয়ে গির্জায় ডাকাতি, পিটুনিতে নিহত ১

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক গির্জায় ডাকাতি করে ফিরে যাওয়ার সময় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 03:47 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

সোমবার গভীর রাতে উপজেলার নাভারনের আমিনী গুণনগর এলাকায়  স্থানীয়দের পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ।

এর আগে রাত সোয়া ১টার দিকে শিমুলিয়া মিশনারি গির্জায় ডাকাতি হয়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

নিহত মোশাররফ হোসেন লালুর (৩৫) বাড়ি মেহেরপুর জেলায়।

আহতরা হচ্ছে ফরিদপুরের চরবিষ্ণুপুর খাজুরতলার হাফিজুর বিশ্বাসের ছেলে মনিরুল (৩২), একই এলাকার ইংরেজ আলীর ছেলে আমিনুল (৩০) এবং মাদারীপুরের চরকামারকান্দি এলাকার সুজন।

তাদের পুলিশ পাহারায় যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা খবির আহমেদ বলেন, ভোর ৫টার দিকে নাভারনের আমিনী গুণনগর এলাকায় অপরিচিত কিছু লোককে দেখে স্থানীয়রা ধাওয়া করে চারজনকে আটক করে পিটুনি দেয়। পিটুনিতে লালু ঘটনাস্থলে মারা যায়।

“স্থানীয়রা তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ২২০ টাকা, একটি দা ও কুড়াল উদ্ধার করেছে। তারা শিমুলিয়া মিশনারি গির্জায় ডাকাতি করে ফিরছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করছে।”

গির্জার ফাদার আনন্দ সেবাস্তিয়ান বলেন, রাত সোয়া ১টার দিকে দুজন নৈশপ্রহরী এবং ছাত্র হোস্টেলে থাকা ১১ শিশুকে বেঁধে এক শিশুকে সঙ্গে নিয়ে ফাদারদের হাউজে যায় ডাকাত দল। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢোকে।

“৩০-৩৫ জনের ওই দলের মধ্যে ৮/৯ জন উলঙ্গ ছিল। তারা নগদ ১ লাখ ৮৭ হাজার টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে। লুণ্ঠন শেষে তারা সিস্টার এবং শিক্ষার্থীদের নিবাসের সামনে উলঙ্গ অবস্থায় গালিগালাজ এবং নৃত্য করতে থাকে।”

খবর পেয়ে পুলিশ এসে পড়লে তারা পালিয়ে যায় বলে জানান ফাদার সেবাস্তিয়ান।